পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময়ে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঘোষিত সূচি অনুযায়ী ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে বাকি ছুটির দিনগুলোতে বিশেষ সময়সূচিতে নিয়মিতভাবে ট্রেন চলবে।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে যাত্রীদের সুবিধা বিবেচনায় সকাল থেকে রাত পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে ট্রেন পরিচালনা করা হবে।
নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। দিনের শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শেষ করবে। এ সময় ট্রেন চলাচলের ব্যবধান ১২ থেকে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, ছুটির দিনগুলোতে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং ৭টি ট্রেন সেট প্রস্তুত থাকবে। যাত্রী চাপ অনুযায়ী ট্রিপের সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগও থাকবে। একই সঙ্গে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি বা র্যাপিড পাস টপআপ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে। শুক্রবার বিশেষভাবে উত্তরা উত্তর স্টেশন থেকে দুপুর ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ০৫ মিনিট থেকে টিকিট বিক্রি ও টপআপ সুবিধা চালু থাকবে।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, ঈদের সময়ে যাত্রী চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। এমন পরিস্থিতিতে বিশেষ সময়সূচি যাত্রীদের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে মেট্রোরেল কর্তৃপক্ষ সময়সূচি মেনে চলার আহ্বান জানিয়েছে।

ঈদে মেট্রোরেলের বিশেষ সময়সূচি, ঈদের দিন বন্ধ থাকবে সেবা
অনলাইন ডেস্ক 


















